সাফাই কর্মীদের ধর্মঘটে আসানসোল শহর জর্জরিত, যুব কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন সমস্যার স্থায়ী সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শনিবার ৭,ফেব্রুয়ারি :: আসানসোল পুরনিগমের সাফাইকর্মীদের চলমান কাজ বন্ধ ধর্মঘটের জেরে শহরের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। এই পরিস্থিতির প্রতিবাদে আজ আসানসোল উত্তর বিধানসভা যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এবং পুরনিগমের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়।

মেয়রের অনুপস্থিতিতে যুব কংগ্রেস কর্মীরা মেয়র চেম্বারের দরজায় ডেপুটেশনের কপি সাঁটিয়ে দেন। পাশাপাশি সাফাই না হওয়ার ফলে আসানসোল পুরনিগম এলাকায় যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, তার ছবিও চেম্বারের দরজায় লাগানো হয়, যাতে প্রশাসনের নজরে বাস্তব পরিস্থিতি আসে।

এই প্রসঙ্গে যুব কংগ্রেস সংগঠনের সভাপতি গৌরব রায় বলেন, গত আট দিনেরও বেশি সময় ধরে পুরনিগমের সাফাইকর্মীরা তাদের ন্যায্য দাবিদাওয়া নিয়ে আন্দোলন করছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই দাবিগুলির কোনও সমাধান হয়নি। এর ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

তিনি আরও বলেন, সাফাইকর্মীদের ধর্মঘটের কারণে আসানসোল পুরনিগম এলাকার ১০৬টি ওয়ার্ডেই আবর্জনার স্তূপ জমে উঠেছে। মানুষকে আবর্জনার মধ্যেই বসবাস করতে হচ্ছে এবং যে কোনও সময় গুরুতর রোগব্যাধি বা মহামারির আশঙ্কা তৈরি হতে পারে।

গৌরব রায় স্পষ্টভাবে জানান, যদি আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে এই সমস্যার স্থায়ী সমাধান না হয়, তাহলে যুব কংগ্রেসের পক্ষ থেকে আরও বড় আন্দোলনে নামা হবে। এর সম্পূর্ণ দায়িত্ব থাকবে পুরনিগম প্রশাসনের ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + one =