নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: বুধবার ১১,ফেব্রুয়ারি :: দীর্ঘদিন ধরে বকেয়া টাকা না মেটানোর অভিযোগে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের (পি.এইচ.ই) অধীনে চলা বিভিন্ন প্রকল্পের ঠিকাদাররা আন্দোলনে নামলেন।
সারা বাংলা পি.এইচ.ই কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন (সিভিল)-এর ডাকে এবং পি.এইচ.ই ইঞ্জিনিয়ার্স কন্ট্রাক্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, হুগলির উদ্যোগে রাজ্যব্যাপী দু’দিনের অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে।
বুধবার বিকেল ৫টা পর্যন্ত হুগলির পি.এইচ.ই দপ্তর প্রাঙ্গণে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে। আন্দোলনকারীদের অভিযোগ, বিভিন্ন জল সরবরাহ ও অবকাঠামো প্রকল্পের কাজ অনেক আগেই সম্পন্ন হলেও এখনো পর্যন্ত প্রাপ্য বিলের টাকা মেটানো হয়নি। ফলে আর্থিক চাপে পড়েছেন সংশ্লিষ্ট ঠিকাদাররা।
বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়, দ্রুত বকেয়া পেমেন্ট মিটিয়ে দেওয়ার দাবিতেই এই আন্দোলন। পাশাপাশি তারা হুঁশিয়ারি দেন, মার্চ মাসের মধ্যে যদি সমস্ত বকেয়া টাকা পরিশোধ না করা হয়, তাহলে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে তিন দিনের বৃহত্তর অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হবে।
এ বিষয়ে পি.এইচ.ই দপ্তরের এক্সিকিউটিভ অফিসার রাজেশ বন্দ্যোপাধ্যায় জানান, বকেয়া সমস্যা সমাধানের জন্য দপ্তরের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা চলছে। তিনি আরও বলেন, আগামী মার্চ মাসের মধ্যেই আংশিকভাবে বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হতে পারে। তবে স্পষ্ট সময়সীমা না মেলায় আন্দোলন অব্যাহত থাকবে বলেই জানিয়েছেন আন্দোলনকারীরা।

