নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানীগঞ্জ :: শনিবার ১৪,ফেব্রুয়ারি :: রানীগঞ্জের চাঁদ মারিডাঙ্গা এবং হলুদ ফ্যাক্টরি রোড এলাকায় পরপর দুটি চুরির ঘটনায় বড় সাফল্য পেল রানীগঞ্জ থানার পুলিশ।
রানীগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়, খালি বাড়ির সুযোগ নিয়ে বাঁকুড়া জেলার কেটারডাঙ্গা অঞ্চলের আশ্রমপাড়া এলাকার তিনজন দাগি আসামি এই চুরির ঘটনা ঘটায়।
ঘটনার পর রানীগঞ্জ থানায় মামলা দায়ের হয়। তদন্তের দায়িত্ব নেন থানার দুই আধিকারিক প্রীতম পাল ও পারভেজ আলম। তারা বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন, পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করেন এবং আসামিদের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করেন।
তদন্তের সূত্র ধরে দুই আধিকারিক অন্ডাল পর্যন্ত পৌঁছে যান। সেখানেই মালগাড়ির উপর লুকিয়ে থাকা অবস্থায় তিনজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম শামীম মন্ডল, তাজ মোহাম্মদ খান এবং রফিক খান।
তারা সকলেই বাঁকুড়া জেলার বাসিন্দা এবং বাঁকুড়াতেও তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
তদন্তে ধৃতদের কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম রূপো, ৫০ গ্রাম সোনা এবং কয়েক হাজার টাকা নগদ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চলছে এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

