বৃহস্পতিবার বিকেলে ইট কাটা মেশিনে কাজ করার সময় অসাবধানতাবশত তার দেহটি মেশিনের কবলে চলে আসে। ঘটনাস্থলেই দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু হয় তার। মৃত শক্তিপদ দাস সাগর থানার কমলপুর ২ নম্বর কলোনির বাসিন্দা ।
পরিবার সূত্রে জানা যায়, শক্তিপদ আদতে ঘোড়ামারার বাসিন্দা । কিন্তু নদী ভাঙনের কারণে সেখানে তাদের ভিটেমাটি বিলীন হয়ে যাওয়ায় তারা বাস্তুচ্যুত হয়ে সাগরের কমলপুর ২ নম্বর কলোনিতে এসে বসবাস শুরু করে ।
সেখানে নতুন করে সংসার গুছিয়ে নেওয়ার লড়াই এবং জীবিকার টানেই তামিলনাড়ুতে শ্রমিকের কাজে গিয়েছিল । সেখানে একটি ইট ভাটায় ইট কাটার মেশিনে কর্মরত ছিল। আর সেখানেই কাজ করার সময় আচমকাই ঘটে এই মর্মান্তিক বিপত্তি। সহকর্মীরা উদ্ধারের চেষ্টা করলেও লাভ হয়নি।
মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। বর্তমানে দেহটি তামিলনাড়ুতেই ময়নাতদন্তের প্রক্রিয়ায় রয়েছে। দেহ গ্রামে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে মৃতের পরিবার।

