নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চোপড়া :: সোমবার ১৬,ফেব্রুয়ারি :: যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্তিকে কেন্দ্র করে রবিবার সকালে চোপড়া বিডিও অফিস চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়।
লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ এক যুবকের সঙ্গে পুলিশের বচসা বাধে। পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছায় বলে অভিযোগ।
সকাল থেকেই বিডিও অফিসের সামনে যুবসাথী প্রকল্পে আবেদন জমা দেওয়ার জন্য বিশাল লাইন পড়ে। লাইন নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন ছিল। অভিযোগ, দীর্ঘ সময় ধরে লাইন এগোচ্ছিল না।
এ সময় মুখে মুখে প্রচার হয়, অফিসের ভেতরে পরিচিত কিছু যুবকের আবেদন লাইন ছাড়াই গ্রহণ করা হচ্ছে।
সেই খবর ছড়িয়ে পড়তেই লাইনে দাঁড়িয়ে থাকা যুবকদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিষয়টি নিয়ে এক যুবক পুলিশের সঙ্গে কথা বলতে গেলে বচসা শুরু হয়। পুলিশের তরফে গালিগালাজ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।
পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং ওই যুবক পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এরপর পুলিশ তাকে আটক করে। পুলিশের পক্ষ থেকে আটক যুবকের নাম প্রকাশ করা হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে।
পরে চোপড়া থানা–র আইসি সুরজ থাপা মাইক হাতে নিয়ে উপস্থিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানান এবং লাইন স্বাভাবিক করার চেষ্টা করেন।

