বঙ্গোপসাগরে অভিযান, ট্রলারসহ ২৮ বাংলাদেশি মৎস্যজীবী আটক অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নামখানা :: মঙ্গলবার ১৭,ফেব্রুয়ারি :: ভারতীয় জলসীমা লঙ্ঘন করে অনুপ্রবেশের অভিযোগে একটি বাংলাদেশি ট্রলারসহ ২৮ জন মৎস্যজীবীকে আটক করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী।

বঙ্গোপসাগরে নিয়মিত টহলদারির সময় উপকূল রক্ষী বাহিনীর নজরে আসে সন্দেহজনকভাবে চলাচল করা একটি ট্রলার। সংকেত দেওয়া সত্ত্বেও ট্রলারটি দিক পরিবর্তনের চেষ্টা করলে ধাওয়া করে সেটিকে আটক করা হয়। পরে জানা যায়, ট্রলারটির নাম ‘সাগর-৩’।

আটক সকলকে নিয়ে আসা হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানাতে। উপকূল রক্ষী বাহিনী ধৃতদের থানার পুলিশের হাতে তুলে দেয়। অনুপ্রবেশের অভিযোগে ২৮ জন মৎস্যজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। ট্রলারটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ধৃতদের মধ্যে কেউ কেউ স্বীকার করেছে, মাছ ধরার আড়ালে এক বাংলাদেশি নাগরিককে ভারতে প্রবেশ করানোর পরিকল্পনা ছিল।

রবীন্দ্রনাথ দাস নামে ওই ব্যক্তিকে ট্রলারে করে ভারতীয় জলসীমায় আনা হচ্ছিল বলে দাবি তদন্তকারী আধিকারিকদের। ঠিক সেই সময়ই টহলরত উপকূল রক্ষী বাহিনীর নজরে পড়ে ট্রলারটি এবং অভিযান চালানো হয়।

ঘটনার তদন্তে নেমেছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ। পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে খতিয়ে দেখা হচ্ছে এটি কোনও বড় অনুপ্রবেশ চক্রের অংশ কিনা। অতীতে একইভাবে ভারতীয় জলসীমায় প্রবেশের চেষ্টা হয়েছে কি না, তাও তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 3 =