নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ১৭,ফেব্রুয়ারি :: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আবাসন বণ্টনকে ঘিরে উত্তেজনা ছড়াল দুর্গাপুর-এর নবীন পল্লী এলাকায়। দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে আবাসনের বৈধ নথি তুলে দেওয়ার দিনেই স্থানীয়দের একাংশ অভিযোগ তোলেন,
এলাকার প্রকৃত বাসিন্দাদের বঞ্চিত করে বহিরাগতদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ ও পথ অবরোধ করেন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে আবেদন করেও বহু যোগ্য স্থানীয় বাসিন্দা চূড়ান্ত তালিকায় স্থান পাননি।
বরং যাঁদের স্থানীয় বলে মানতে নারাজ আন্দোলনকারীরা, তাঁদের হাতেই নথি তুলে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে এবং রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে।বিক্ষোভে নেতৃত্ব দেন তিন নম্বর মণ্ডলের সভাপতি বুদ্ধদেব মণ্ডলসহ ভারতীয় জনতা পার্টি-র একাধিক নেতা।
তাঁদের হুঁশিয়ারি, স্থানীয় যোগ্য আবেদনকারীদের আবাসন না দিলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়।
তাঁর দাবি, সরকারি নিয়ম মেনে আবেদনকারীদের যাচাই-বাছাই করেই তালিকা প্রস্তুত করা হয়েছে এবং পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবেই সম্পন্ন হয়েছে। বহিরাগতদের আবাসন দেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলেও জানান তিনি।

