নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আউশগ্রাম :: মঙ্গলবার ১৭,ফেব্রুয়ারি :: ফের বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের, জঙ্গলমহল এলাকায়। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানা-র অন্তর্গত ভুঁইয়েরা গ্রাম-এর ঈদগাহের পাশে প্লাস্টিকের জার ভর্তি বোমা উদ্ধার হয়।
স্থানীয় বাসিন্দারা সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া জারের ভিতরে মোট ১১টি বোমা মজুত ছিল।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সিআইডির বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। বোম স্কোয়াড এসে গ্রাম সংলগ্ন ফাঁকা মাঠে বোমাগুলি নিষ্ক্রিয় করে। গোটা এলাকায় সাময়িক আতঙ্ক ছড়ালেও বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
উল্লেখ্য, প্রায় এক বছর আগেও ভুঁইয়েরা গ্রামের বেলের মাঠ এলাকায় বোমা উদ্ধারের ঘটনা ঘটেছিল। ফের একই এলাকায় বিস্ফোরক মজুতের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এই বোমাগুলি মজুত করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

