নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাদুড়িয়া :: বুধবার ১৮,ফেব্রুয়ারি :: নিখোঁজ থাকার পর তৃণমূল কর্মী নাসির আলীর প্যাকেটে ভর্তি টুকরো টুকরো দেহ মেলে বাদুড়িয়া থানা এলাকার বিভিন্ন খাল, নদী এবং ব্রিজের নিচে। এর মধ্যেই আজ বিকেলের নাসির আলীর স্ত্রী বিউটি বিবি বিষ খেয়ে আত্মহত্যা চেষ্টা করেন।
পরিবারের লোকেরা তাকে সঙ্গে সঙ্গে হাবড়া হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের চিকিৎসকরা সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করেন।
যদিও বিউটি বিবির অবস্থা এখনো আশঙ্কাজনক। আন্যদিকে, বাদুড়িয়ার চাতরায় নৃশংসভাবে টুকরো টুকরো করে তৃণমূল কর্মী খুনের ঘটনায় প্রদীপ মণ্ডল নামে আরও একজনকে গ্রেফতার করলো পুলিশ।
এ পর্যন্ত গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো তিন। পুলিশ ঘটনার তদন্তে নেমে আগেই গ্রেপ্তার করেছিল বাদুড়িয়া থানার অন্তর্গত চাতরা গ্রাম পঞ্চায়েতের পাপিলা ২২ নম্বর বুথের বিএলও রিজওয়ান হাসান মণ্ডল ওরফে মন্টু এবং সাগর গাইন-কে।
গতকাল রাতে এই খুনের সাথে জড়িত প্রদীপ মণ্ডল নামে আরও এক দুষ্কৃতীকে গোবরডাঙা থেকে গ্রেপ্তার করে বাদুড়িয়া থানার পুলিস।
আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে পাঠানো হয়। এই তিনজনকে একসঙ্গে জেরা করে বাকিদের হদিশ পাওয়ার চেষ্টা করবে পুলিশ।
বসিরহাট জেলা পুলিশের পুলিশ সুপার হোসেন মেহেদী রহমান জানিয়ে ছিলেন, এই খুনের পেছনে ত্রিকোণ প্রেমের গল্প রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

