নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মথুরাপুর :: বুধবার ১৮,ফেব্রুয়ারি :: ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে তিনি বলেন, “রক্ষকই আজ ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
দিল্লির জমিদারদের নির্দেশে নির্বাচন কমিশন দেশের শীর্ষ আদালত থেকে শুরু করে সমস্ত আইন লঙ্ঘন করে বেপরোয়া হয়ে উঠেছে।”
সাংসদের অভিযোগ, স্পেশাল রোল অবজার্ভার সি. মুরুগান হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেআইনিভাবে নির্দেশ পাঠিয়ে এস আই আর তালিকা থেকে কাদের নাম বাদ দেওয়া হবে, তা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
তাঁর দাবি, নিয়ম অনুযায়ী প্রত্যেক জেলায় আলাদা রোল অবজার্ভার থাকার কথা এবং তাঁদের জন্য নির্দিষ্ট আইডি-পাসওয়ার্ড নির্ধারিত থাকে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এই লগইন তথ্য জেলার বাইরে, বিশেষ করে কলকাতার একটি কেন্দ্রীয় স্থান থেকে ব্যবহার করা হচ্ছে।
বাপি হালদারের অভিযোগ, এভাবে ডিজিটাল প্রক্রিয়ার অপব্যবহার করে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে।
তিনি আরও দাবি করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ভূমিকা নিচ্ছে এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হাতিয়ারে পরিণত হয়েছে। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে ভারত নির্বাচন কমিশন–এর তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

