মহাপ্রভুর পুণ্য ভূমিতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি বললেন অমিত শাহ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মায়াপুর :: বৃহস্পতিবার ১৯,ফেব্রুয়ারি :: বছরের শুরুতেই ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার সেনাবাহিনীর হেলিকপ্টারে মায়াপুর ইসকনের অস্থায়ী হেলিপ্যাডে নামেন।

এখানে ইসকনের তরফ থেকে সংবর্ধিত করা হয় তাকে। এরপর সেখান থেকে স্কট ইয়ার্ডে করে চন্দ্রোদয় মন্দিরে যান। চন্দ্রোদয় মন্দিরে প্রভুপাদ,নৃসিংহ দেব, রাধা মাধব এবং পঞ্চতত্ত্ব সমগ্র বিগ্রহের উদ্দেশ্যে পুষ্পার্ঘ নিবেদন করেন।

এরপর সেখান থেকে সোজা চলে আসেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ১৫২ তম জন্মতিথি উদযাপন অনুষ্ঠানে। সেখানে ধর্মীয় ভাষণ দেন তিনি।

এদিন অনুষ্ঠান মঞ্চে উঠে উপস্থিত ভক্ত ও দর্শকদের উদ্দেশে ‘হরে কৃষ্ণ’ ধ্বনি দিয়ে নিজের বক্তব্য শুরু করেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এই সম্ভাষণে কার্যত মায়াপুরের ইসকন মন্দির চত্বরে ভক্তিগীতি ও করতালির জোয়ার বয়ে যায়।

শ্রীচৈতন্য মহাপ্রভুর আদর্শ এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর আধ্যাত্মিক অবদান নিয়ে আলোকপাত করেন তিনি। একই সাথে ইসকনের ভুয়ষি প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তবে এদিন রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে নিজেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর একনিষ্ঠ অনুগামী হিসেবেই তুলে ধরলেন তিনি। মন্দিরের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ কণ্ঠে শাহ বলেন, “আজ আমি এখানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়, বরং মহাপ্রভুর একজন সাধারণ ভক্ত হিসেবে উপস্থিত হয়েছি।”

দীর্ঘদিন ধরেই মায়াপুরে আসার পরিকল্পনা থাকলেও তা বারবার পিছিয়ে গিয়েছিল বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিন সেই আক্ষেপ মিটেছে উল্লেখ করে তিনি বলেন, “অনেকবার মায়াপুরে আসার সুযোগ এলেও কোনো না কোনো কারণে শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। আজ মহাপ্রভুর এই পুণ্যভূমিতে পা রাখতে পেরে আমি নিজেকে ধন্য ও কৃতজ্ঞ মনে করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =