বর্ধমানের তালিত ওভারব্রিজ ঘিরে রাজনৈতিক তরজা – কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন সাংসদ কীর্তি আজাদ, কৃতিত্ব নিয়ে কটাক্ষ বিজেপির

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তালিত :: বৃহস্পতিবার ১৯,ফেব্রুয়ারি :: পূর্ব বর্ধমানের যোগাযোগ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প তালিত রেলওয়ে ওভারব্রিজকে ঘিরে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

বুধবার বর্ধমান–দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ নির্মীয়মাণ ওভারব্রিজের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। তার পরেই কৃতিত্বের দাবি নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে চাপানউতোর।পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের তালিত স্টেশন সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই লেভেল ক্রসিংকে কেন্দ্র করে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা ছিল নিত্যদিনের সমস্যা। সেই প্রেক্ষিতে রেলওয়ে ওভারব্রিজ প্রকল্পটি এলাকাবাসীর বহুদিনের দাবি।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রকল্পটি সম্পূর্ণ হলে সাধারণ মানুষের যাতায়াত অনেকটাই সহজ হবে। নির্মাণস্থলে উপস্থিত থেকে সাংসদ কাজের অগ্রগতি, নির্মাণমান ও কারিগরি দিক খতিয়ে দেখেন।

রেলওয়ে আধিকারিক ও ঠিকাদারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দেন—এই প্রকল্পে কোনো ধরনের গাফিলতি বা অযথা বিলম্ব বরদাস্ত করা হবে না।

সাংসদ কীর্তি আজাদ বলেন, “এই ওভারব্রিজ বর্ধমানের মানুষের দীর্ঘ প্রতীক্ষার ফল। নিরাপত্তা ও যানজট সমস্যার স্থায়ী সমাধানের জন্য নির্ধারিত সময়ের মধ্যেই মানসম্পন্ন কাজ শেষ করতে হবে।

নিয়মিত মনিটরিং চলবে এবং কাজের মান নিয়ে কোনো আপস করা হবে না”। তিনি আরও দাবি করেন, প্রকল্প বাস্তবায়নে সমন্বয়ের মাধ্যমে দ্রুত অগ্রগতি নিশ্চিত করা হচ্ছে।

তবে এই পরিদর্শনের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে কটাক্ষ। বিজেপি মুখপাত্র ডক্টর শান্তরূপ দে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “তৃণমূলের সাংসদরা প্রায়শই প্রকল্পের কৃতিত্ব নিতে চান।

কিন্তু তালিত ওভারব্রিজ প্রকল্পের সূচনা হয় ২০১৯ সালে তৎকালীন বিজেপি সাংসদ এস এস আহলুওয়ালিয়া-র উদ্যোগে। সাধারণ মানুষের দাবির ভিত্তিতে তিনিই রেলমন্ত্রকের কাছে আবেদন জানান। তাঁর সময়েই নকশা প্রণয়ন থেকে ফান্ড মঞ্জুর—সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় এবং কাজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়”।

এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তৃণমূল শিবিরের দাবি, বর্তমান সাংসদের সক্রিয় তদারকির ফলেই কাজের গতি বেড়েছে। অন্যদিকে বিজেপির বক্তব্য, প্রকল্পের মূল পরিকল্পনা ও অনুমোদন তাদের আমলেই সম্পন্ন হয়েছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + two =