অবশেষে রজনীর প্রভাত হলো হ্যাম রেডিওর সৌজন্যে ||

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: বৃহস্পতিবার ১৯,ফেব্রুয়ারি :: গঙ্গাসাগর মেলায় পূণ্যস্নানের উদ্দেশ্যে এসে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে হারিয়ে গিয়েছিলেন এক মহিলা। কখনও রাস্তার ধারে, কখনও দোকানের বারান্দায় বসে আপনমনে গান গাইতেন, নাচতেন, আবার কখনও অঝোরে কাঁদতেন।

স্থানীয় দোকানদারদের দেওয়া খাবার খেয়েই কেটে যাচ্ছিল দিন। কয়েকদিন আগে কচুবেড়িয়া ফেরিঘাটে কর্তব্যরত এক সিভিল ডিফেন্স কর্মীর নজরে আসে বিষয়টি । সেখান থেকেই খবর পৌঁছয় হ্যাম রেডিও-র ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের কাছে। বিষয়টি জানানো হয় সাগর থানার আধিকারিকদেরও।

                                                                হ্যাম রেডিও-র সদস্য, শিক্ষক দিবস মন্ডল

হ্যাম রেডিও-র সদস্য শিক্ষক দিবস মন্ডল ও আতাউর সেখ দফায় দফায় কথা বলেন তার সঙ্গে। কখনও বলেন রাজস্থান, কখনও হরিয়ানা, কখনও উত্তরাখণ্ড বা দিল্লি—ঠিকানা যেন বদলাতে থাকে কথার স্রোতে।

নানা কথার ফাঁকে এক স্কুলের নাম ও প্রিন্সিপালের নাম বলায় সেই সূত্র ধরে যোগাযোগ করা হয়। জানা যায়, তার বাবা-মা ও ভাই আর বেঁচে নেই। পাড়ার মানুষও চিনতে পারছেননা।

বিয়ের কথা উঠতেই রেগে যান তিনি। অবশেষে উত্তরাখণ্ডের হরিদ্বারের সুভাষগড়ে বোন রিম্পি শর্মার সন্ধান মেলে। তিনি জানান, রজনী শর্মার স্বামী-সন্তান রয়েছে, তারা থাকেন ফরিদাবাদে।

প্রায় এক বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হন রজনী। এরপর হ্যাম রেডিও সদস্যদের উদ্যোগে ভিডিও কলে স্বামী, সন্তান ও পরিবারের সঙ্গে কথা বলানো হয়।

আনন্দে আত্মহারা হয়ে সকলের সামনে নেচে ওঠেন তিনি, গান ধরেন—“তুম আগর সামনে আভি আয়া করো”। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে স্বামী রাজীব কুমার এসে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরেন। এই মানবিক উদ্যোগে সহযোগিতা করেছে সাগর থানার পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 10 =