ইসলামপুরে গ্যাস সিলিন্ডার লিক থেকে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মুহূর্তে পুড়ে ছাই বসতবাড়ি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইসলামপুর :: শুক্রবার ২০,ফেব্রুয়ারী :: উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল একটি বসতবাড়ি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গ্যাস সিলিন্ডার লিক থেকে আগুনের সূত্রপাত হয় স্থানীয় মোহন মল্লিকের বাড়িতে।অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং লেলিহান শিখায় পুরো বাড়ি গ্রাস করে ফেলে। বাড়ির চারটি ঘরসহ সমস্ত আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দ্রুত পাড়া-প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন।

পরে ইসলামপুর দমকল বিভাগ-এর একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে এলাকায় উপযুক্ত রাস্তা না থাকায় দমকলের গাড়ি ঘটনাস্থলে পুরোপুরি পৌঁছাতে পারেনি, ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে শুরুতে সমস্যার মুখে পড়তে হয়। তবুও দমকল কর্মীরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত সেন। দমকল বিভাগের এক কর্মী জানান, প্রাথমিকভাবে এলপিজি গ্যাস থেকেই আগুন লাগার সন্দেহ করা হচ্ছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

দমকল কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। যদিও আগুনের তীব্রতায় মোহন মল্লিকের সর্বস্ব প্রায় সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =