নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দকুমার :: শুক্রবার ২০,ফেব্রুয়ারী :: পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানা–র অন্তর্গত ভুয়াখালী গ্রাম আজ চরম উত্তেজনায় উত্তপ্ত। চার বছরের এক নাবালিকার প্রতি অমানবিক হেনস্তার অভিযোগে কেঁপে উঠেছে গোটা এলাকা।
পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ—পাড়ার যুবক সুশান্ত জানা শিশুটিকে নানা প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে দূরে একটি অপরিতক্ত ইটভাটায় নিয়ে যায়। সেখানেই ঘটে হেনস্তার ঘটনা বলে দাবি। ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে।
নাবালিকার পরিবার দ্রুত বিষয়টি থানায় জানালে নন্দকুমার থানার পুলিশ তড়িঘড়ি তদন্তে নামে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক তথ্য সংগ্রহের পর পরবর্তী আইনি প্রক্রিয়াও চলছে।
অপর দিকে, এই ঘটনাকে কেন্দ্র করে ভুয়াখালী গ্রামে আতঙ্কের আবহ। শিশুদের নিরাপত্তা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। অনেকেই বলছেন, সমাজে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে কঠোর শাস্তিই একমাত্র পথ।
পুলিশের তরফে জানানো হয়েছে, নাবালিকার শারীরিক ও মানসিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত এগোনো হচ্ছে। প্রয়োজনে আরও আইনি ধারা যোগ করার কথাও ভাবা হচ্ছে।

