নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: শুক্রবার ২০,ফেব্রুয়ারী :: ইটাহারের রাসবিহারী কীর্তন সম্প্রদায় একটি টোটো ভাড়া করে গিয়েছিল জেলার ডালখোলায় কীর্তন গাইতে। অসাবধানতাবশত টোটোতেই রয়ে গেছিল তাদের মূল্যবান একটি হারমোনিয়াম।
বিষয়টি নজরে আসতেই তৎক্ষণাৎ জানানো হয় রায়গঞ্জের ট্রাফিক ওসি তাপস বিশ্বাস মহাশয় কে। তাপস বাবু তৎপরতার সঙ্গে তার টিম নিয়ে সিসিটিভির ফুটেজ খতিয়ে সনাক্ত করেন ওই টোটোটিকে।
এরপর টোটো চালক আনোয়ার হোসেনকে ডেকে পাঠান ট্রাফিক অফিসে। আনোয়ারও হারমোনিয়াম টি ফেরত দিয়ে যান সযত্নে। তাপস বাবু কীর্তন সম্প্রদায়ের প্রধান জয় গোপাল দাস কে ডেকে হারমোনিয়ামটি তার হাতে তুলে দেন।
পুলিশের এমন তৎপরতায় মুগ্ধ জয় গোপাল বাবু বলেন ভুল ধারণা কেটে গেল এই ঘটনায়। আমরা অনেকেই পুলিশকে ভুল বুঝি তবে পুলিশের এমন তৎপরতার ছবি বারবার উঠে আসলে দুর্নাম ঘুচে যাবে অচিরেই।

