নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শনিবার ২১,ফেব্রুয়ারি :: শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চুঁচুড়া ময়দানের টেনিস মাঠ সংলগ্ন ভাষাশহীদ স্তম্ভে গাম্ভীর্যপূর্ণ পরিবেশে শ্রদ্ধা নিবেদন করেন বহু ভাষাপ্রেমী মানুষ।
২০১৫ সালে চুঁচুড়া ময়দানে গড়ে তোলা এই ভাষাশহীদ স্তম্ভ ঘিরে প্রতি বছরই ২১ ফেব্রুয়ারি আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন সকালে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন কবি আরণ্যক বসু, কাউন্সিলর অমিত রায় সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। দেশাত্মবোধক ও ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা পাঠ ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
হুগলী চুঁচুড়া বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতি-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ভাষার মর্যাদা রক্ষা ও মাতৃভাষার চর্চা অব্যাহত রাখার বার্তাও তুলে ধরা হয়। বক্তারা বলেন, মাতৃভাষা আমাদের আত্মপরিচয়ের মূল ভিত্তি, তাই ভাষাশহীদদের ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।

