নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাণ্ডবেশ্বর :: রবিবার ২২,ফেব্রুয়ারি :: পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি মোড়ে বাস ও ছাইবোঝাই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেছে ।
পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি মোড়ে ১৪ নম্বর জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাস ও ছাইবোঝাই ডাম্পারের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার সকাল প্রায় সাড়ে ৬টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষের তীব্রতা বেশ হলেও ভাগ্যক্রমে প্রাণহানি এড়ানো গিয়েছে। বাসে থাকা বহু যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার পরপরই ডাম্পারের চালক ও খালাসি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ড ও স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশের তত্ত্বাবধানে ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি সরানোর কাজ শুরু হয়েছে, যাতে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করা যায়। এলাকাবাসীর দাবি, খোট্টাডিহি মোড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে সেখানে দ্রুত গতিরোধক (বাম্পার) নির্মাণ করা হোক।

