পশ্চিমবঙ্গ দখলের লক্ষ্যে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ উত্তর দিনাজপুরে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইসলামপুর :: সোমবার ২৩,ফেব্রুয়ারি :: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’। এই কর্মসূচিকে সামনে রেখে মালদা ডিভিশনের উত্তর দিনাজপুরে ইসলামপুরের মাঠ পরিদর্শন করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল।

তিনি ইসলামপুরের কোর্ট ময়দান ও হাইস্কুল মাঠ ঘুরে দেখেন এবং প্রস্তুতির খুঁটিনাটি বিষয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন। সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ অন্যান্য নেতৃত্ব।

কর্মসূচিকে সফল করতে প্রয়োজনীয় পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা ও জনসমাগমের দিকগুলি খতিয়ে দেখা হয়।

সাংসদ কার্তিক চন্দ্র পাল জানান, মালদা বিভাগের ‘পরিবর্তন যাত্রা’ ইসলামপুর থেকেই সূচনা হবে। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তাঁর উপস্থিতিকে ঘিরে ইতিমধ্যেই দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, পরিবর্তন যাত্রার মাধ্যমে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হবে বিজেপি এবং সাধারণ মানুষের কাছে নিজেদের বার্তা পৌঁছে দেবে। ইসলামপুর থেকে এই কর্মসূচির সূচনা হওয়ায় রাজনৈতিক মহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 2 =