আসানসোল আদালতে বোমাতঙ্ক – তামিলনাড়ু থেকে হুমকি মেল, ডগ ও বোম স্কোয়াড দিয়ে তল্লাশি আসানসোল পুলিশের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: মঙ্গলবার ২৪,ফেব্রুয়ারি :: পশ্চিম বর্ধমান জেলা আসানসোল আদালতে বোমাতঙ্ক। মঙ্গলবার সকালে এগারোটা একটি হুমকি মেল আসে বলে আসানসোল জেলা আদালতের জেলা বিচারক জানিয়েছেন।

বাংলায় লেখা তামিলনাড়ু থেকে আসা এই মেলে আদালতে আরডিএক্স লাগানো রয়েছে বলে জানা গেছে। স্বাভাবিক ভাবেই গোটা আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলা বিচারক সঙ্গে সঙ্গে এই মেল আসার কথা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে জানান।

এরপরেই আদালতে চলে আসে বিশাল পুলিশ বাহিনী। আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি ( সেন্ট্রাল) ধ্রুব দাস সহ একাধিক উচ্চ পদস্থ আধিকারিকরা। সঙ্গে সঙ্গে গোটা আদালত চত্বর ফাঁকা করে দেওয়া হয়। নিয়ে আসা হয় ডগ ও বোম স্কোয়াডকে।

সপ্তাহের দ্বিতীয় দিন হওয়ায় এদিন সকাল থেকে আসানসোল আদালতে প্রচুর ভিড় ছিলো। আইনজীবী, পুলিশের পাশাপাশি ছিলেন বিচার চাইতে আসা অনেক। একাধিক থানা ও আসানসোল জেল থেকে নিয়ে আসা হয়েছিলো বিচারাধীন বন্দীদেরও। সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

একেবারে ফাঁকা করে দেওয়া হয় গোটা আদালত ভবন ও আসানসোল আদালত চত্বরকে। এরপরেই পুলিশ আধিকারিকরা তল্লাশি চালানো শুরু হয়। শেষ খবর, তল্লাশি চলছে। পুলিশের এক আধিকারিক বলেন, তল্লাশি চলছে নিরাপত্তার সার্থে সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 3 =