নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাঙ্গড় :: বৃহস্পতিবার ২৬,ফেব্রুয়ারি :: বিধানসভা ভোটের আগে ভাঙরের মাটি ফের উত্তপ্ত। নতুন থানার উদ্বোধনের ঠিক আগের রাতেই পুলিশের বড় সাফল্য, উদ্ধার বিপুল পরিমাণ তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা, প্রশ্ন উঠছে আইন-শৃঙ্খলা নিয়ে।
বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙর এলাকা। তারই মধ্যে নতুন থানা উদ্বোধনের আগের রাতে বড়সড় সাফল্য পেল উত্তর কাশীপুর থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে ভাঙরের বানিয়ারা গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তাজা বোমা ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বানিয়ারা গ্রামের বাসিন্দা সামিম খান নামে এক আইএসএফ কর্মীর বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ২৮টি তাজা বোমা এবং একটি বন্দুক উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া বোমাগুলি অত্যন্ত শক্তিশালী এবং সদ্য প্রস্তুত বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
এই বিপুল বিস্ফোরক উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের একটি বিশাল বাহিনী বর্তমানে বানিয়ারা গ্রাম এবং আশেপাশের এলাকা ঘিরে রেখেছে। চলছে তল্লাশি অভিযান এবং তদন্ত।

