রায়গঞ্জে বোমাতঙ্ক, রায়গঞ্জ পাসপোর্ট কেন্দ্র ও সংলগ্ন হেড পোস্ট অফিস উড়িয়ে দেওয়ার হুমকি মেইল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: শুক্রবার ২৭,ফেব্রুয়ারি :: উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে বৃহস্পতিবার দুপুরে হঠাৎই ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। রায়গঞ্জ পাসপোর্ট কেন্দ্র ও সংলগ্ন হেড পোস্ট অফিসে বোমা বিস্ফোরণের হুমকি সংক্রান্ত একটি ই-মেল আসতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পোস্ট অফিস সূত্রে জানা যায় ডিভিশন অফিস থেকে পাঠানো ওই মেলে সম্ভাব্য নাশকতার আশঙ্কার কথা জানিয়ে অবিলম্বে ভবন খালি করার নির্দেশ দেওয়া হয়। হুমকির খবর পেতেই দ্রুত পদক্ষেপ নেন পোস্টমাস্টার নিরঞ্জন রায়। অফিসে উপস্থিত সমস্ত গ্রাহক ও কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়।

পাশাপাশি বিষয়টি জানানো হয় রায়গঞ্জ থানাকে। খবর পেয়েই রায়গঞ্জ থানার আইসি উদয় শঙ্কর ঘোষ-এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পোস্ট অফিস ভবন এবং পাসপোর্ট কেন্দ্রের চারপাশে শুরু হয় চিরুনি তল্লাশি।

পোস্টমাস্টার নিরঞ্জন রায় জানান মেল আসার সময় অফিসে ব্যাপক ভিড় ছিল, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে দ্রুত সবাইকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। অন্যদিকে আইসি উদয় শঙ্কর ঘোষ বলেন পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে।

যদিও দীর্ঘ তল্লাশির পর এখনও পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি, তবুও এই বোমাতঙ্কে গোটা শহরজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 6 =