জামুড়িয়ায় এনএইচ-১৯-এ মর্মান্তিক পথদুর্ঘটনা বাবা-মায়ের মৃত্যু, গুরুতর জখম ছেলে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামুড়িয়া :: শনিবার ২৮,ফেব্রুয়ারি :: জামুড়িয়া থানার অন্তর্গত বোগরা এলাকায় জাতীয় সড়ক ১৯-এ বৃহস্পতিবার দুপুরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে এবং তাঁদের ছেলে গুরুতর জখম হয়েছে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে এক যুবক তাঁর বাবা-মাকে মোটরসাইকেলে করে চাঁদা থেকে নর্থ শিয়ারসোল কোলিয়ারির দিকে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় ব্যস্ত এনএইচ-১৯-এ স্বাভাবিক যান চলাচল চলছিল।

দুর্ঘটনাগ্রস্ত বাইকের আরোহী আহত 

বোগরা এলাকার কাছে পৌঁছতেই হঠাৎ একটি দ্রুতগতির লরি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় যুবকের বাবা ও মায়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর জখম হন যুবক।

অভিযোগ, দুর্ঘটনার পর লরি চালক গাড়ি নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে ধরার চেষ্টা করলেও সেটি জাতীয় সড়ক ধরে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, পলাতক লরির খোঁজে তল্লাশি শুরু হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়কে ভারী যানবাহনের বেপরোয়া গতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ সূত্রে খবর, দোষী চালককে চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 1 =