উস্তি থানায় ই-মালখানার সূচনা, প্রযুক্তির ছোঁয়ায় স্বচ্ছতা ও গতির বার্তা ডায়মন্ডহারবার পুলিশের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: উস্তি :: শনিবার ২৮,ফেব্রুয়ারি :: ডায়মন্ডহারবার পুলিশ জেলার উদ্যোগে উস্তি থানায় নতুন ই-মালখানার শুভ উদ্বোধন হলো শুক্রবার সন্ধ্যায়।

আধুনিক প্রযুক্তিনির্ভর এই ই-মালখানা চালু হওয়ায় থানার জব্দ সামগ্রী সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে আসবে আরও স্বচ্ছতা ও গতি—এমনটাই জানালেন পুলিশ আধিকারিকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার পুলিশ জেলা-র অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলার একাধিক পুলিশ আধিকারিক ও উস্তি থানার ভারপ্রাপ্ত আধিকারিক। ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ই-মালখানার আনুষ্ঠানিক সূচনা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ই-মালখানা ব্যবস্থায় থানায় জব্দ হওয়া বিভিন্ন মামলার আলামত, নথিপত্র ও অন্যান্য সামগ্রী ডিজিটাল পদ্ধতিতে নথিভুক্ত করা হবে। প্রতিটি সামগ্রীর জন্য নির্দিষ্ট বারকোড ও ডাটা এন্ট্রির ব্যবস্থা থাকবে।

ফলে কোন মামলার কোন আলামত কোথায় সংরক্ষিত রয়েছে, তা সহজেই কম্পিউটার মারফত জানা যাবে। এতে একদিকে যেমন সময় বাঁচবে, অন্যদিকে তেমনি স্বচ্ছতা ও জবাবদিহিতাও বাড়বে।

অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান, রাজ্য পুলিশের আধুনিকীকরণ প্রকল্পের অংশ হিসেবেই এই ই-মালখানা চালু করা হয়েছে। এর ফলে তদন্ত প্রক্রিয়া আরও সুসংহত ও দ্রুত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 11 =