নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শনিবার ২৮,ফেব্রুয়ারি :: পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে একটি ভাইরাল ভিডিও ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি শেয়ার করা একটি ভিডিওকে ঘিরে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। কিছুদিন ধরেই বিজেপি ও তৃণমূল নেতাদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তথাকথিত ‘এআই ওয়ার’ চলছিল, যেখানে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ভিডিও পোস্ট করা হচ্ছিল।
সেই প্রেক্ষিতেই জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী-র বিরুদ্ধে উন্নয়নমূলক কাজে গাফিলতির অভিযোগ তুলে একটি ভিডিও প্রকাশ করেন।
ভাইরাল ভিডিওতে এক মহিলাকে একটি জীর্ণ গোশালার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওই মহিলা, যার নাম সুন্দরী সূত্রধর বলে জানানো হয়, দাবি করেন যে তিনি ওই ভাঙাচোরা গোশালাতেই বসবাস করেন।
তিনি অভিযোগ করেন, আবাস যোজনার অধীনে পাকা বাড়ির জন্য বহুবার আবেদন করেও কোনও সুবিধা পাননি। ভিডিওতে জিতেন্দ্র তিওয়ারিকে প্রশ্ন তুলতে দেখা যায়—সরকারের আবাস যোজনার টাকা তাহলে কোথায় যাচ্ছে?
ভিডিওটি সামনে আসার পর নরেন্দ্রনাথ চক্রবর্তী সাংবাদিক বৈঠক করে মহিলার প্রকৃত পরিস্থিতি তুলে ধরেন।
তিনি সংবাদমাধ্যমকে ওই মহিলার পাকা বাড়ি দেখান, যেখানে তিনি পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। পরবর্তীতে সংশ্লিষ্ট মহিলা সংবাদমাধ্যমের সামনে দাবি করেন, জিতেন্দ্র তিওয়ারি তাঁকে ১০০০ টাকা দিয়ে এই বক্তব্য দিতে বলেছিলেন যে তিনি আবাস যোজনার সুবিধা পাননি এবং গোশালায় থাকতে বাধ্য হচ্ছেন।
তিনি স্বীকার করেন, টাকার লোভে পড়ে তিনি ভুল বক্তব্য দিয়েছিলেন। মহিলা আরও জানান, তিনি সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন। পরে নিজের ভুল বুঝতে পেরে তিনি নিজেই সামনে এসে সত্যিটা প্রকাশ করেছেন।

