সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মন্দিরবাজার :: রবিবার ১,মার্চ :: “মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি—বসন্ত এসে গেছে!” ঋতুরাজের আগমনী বার্তায় ইতিমধ্যেই রঙিন হয়ে উঠছে চারপাশ। দোল ও হোলির আর বেশি দেরি নেই। বসন্তের মিঠে হাওয়ায় রঙের উচ্ছ্বাসে মেতে উঠবে রাজ্যবাসী।
আর সেই রঙের উৎসবকে ঘিরেই চরম ব্যস্ততা দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের বিভিন্ন আবির কারখানায়। প্রতি বছরের মতো এবারও উৎসবের আগে উৎপাদন তুঙ্গে। সকাল হতেই কারখানায় শুরু হয়ে যায় কাজ।
গভীর রাত পর্যন্ত চলে রঙ মেশানো, শুকোনো, ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া এবং প্যাকেট জাত করার প্রক্রিয়া।
নাওয়া-খাওয়া ভুলে কারিগররা দিনরাত এক করে চলেছেন আবির তৈরির কাজে। কারখানার ভিতরে ঢুকলেই চোখে পড়ে রঙের বাহার—টকটকে লাল, উজ্জ্বল হলুদ, সবুজ, নীল, গোলাপি, কমলা, বেগুনি ও সাদা—মোট আট ধরনের আবির তৈরি হচ্ছে এখানে।
এবারের বিশেষ আকর্ষণ রাসায়নিকমুক্ত সুগন্ধি আবির। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে সম্পূর্ণ কেমিক্যালবিহীন উপাদান দিয়ে তৈরি করা হচ্ছে এই আবির।
ফলে ত্বকের কোনও ক্ষতির সম্ভাবনা নেই বলেই দাবি প্রস্তুতকারকদের। বর্তমানে সচেতনতার কারণে অনেকেই কৃত্রিম রঙের পরিবর্তে প্রাকৃতিক ও নিরাপদ আবিরের দিকেই ঝুঁকছেন।
আর সেই কারণেই মন্দিরবাজারের আবিরের চাহিদা বেড়েছে চোখে পড়ার মতো। আবির কারখানার মালিক অভিজিৎ পুরকাইত জানান, গত বছরের তুলনায় এ বছর চাহিদা অনেক বেশি।
তিনি বলেন, “আমাদের এখানে যে আবির তৈরি হয়, তাতে কোনও রাসায়নিক ব্যবহার করা হয় না। সম্পূর্ণ নিরাপদ উপাদান দিয়ে তৈরি। তাই ব্যবসায়ীরা নির্ভয়ে কিনছেন। উৎসবের আগে প্রচুর অর্ডার এসেছে।”

