নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: রবিবার ১,মার্চ :: নির্বাচনের দিন এখনও ঘোষণা না হলেও তার আগেই কাঁকসা এলাকায় এসে পৌঁছাল এক কোম্পানি আধা সেনা জওয়ান।
শনিবার সন্ধ্যায় দুর্গাপুর থেকে জওয়ানরা কাঁকসার বিডিও অফিস সংলগ্ন একটি বেসরকারি কলেজে এসে নামেন। সেখানেই তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী সোমবার থেকে কাঁকসার বিভিন্ন এলাকায় জওয়ানদের রুট মার্চ শুরু হবে। নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার আগেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ইতিমধ্যে এলাকাজুড়ে দেওয়াল লিখন ও প্রচার শুরু করে দিয়েছেন।
এদিকে, কাঁকসায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ভোটাররা। এলাকাবাসীর মতে, বাহিনীর আগাম মোতায়েন নির্বাচনী পরিবেশকে আরও শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে সহায়ক হবে।

