দোকানে যাওয়ার পথে কোপ তৃণমূল সদস্যকে, বিজেপির বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলতলী :: বৃহস্পতিবার ৫,মার্চ :: দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। আক্রান্ত পঞ্চায়েত সদস্য অনন্ত সাপুই, কুলতলি বিধানসভার চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। অভিযোগ, বুধবার ঘটিহারানিয়া বাজারে তাঁর নিজস্ব দোকানে যাওয়ার সময় অতর্কিতে তাঁর উপর হামলা চালানো হয়।

তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে জড়িত। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয় বলে জানা গেছে। তাঁর শরীরের একাধিক অংশে গুরুতর আঘাত লাগে। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে জয় নগর–কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে হাসপাতালে পৌঁছান কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল। চিকিৎসকেরা জানান, আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় রেফার করা প্রয়োজন। পরে তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় কুলতলি থানা-র পুলিশ। ইতিমধ্যে হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

অন্যদিকে, বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। জয়নগর বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর দাবি করেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। তাঁর মতে, এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ঘটেছে। তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 2 =