ঝাড়গ্রামে জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: বৃহস্পতিবার ৫,মার্চ :: ঝাড়গ্রামের কলাবনী এলাকায় হঠাৎ শাল জঙ্গলে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। ঘটনার খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে তা দ্রুত ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়।অন্যদিকে, আগুইবনীর ডিভি বাকশোল এলাকায় জঙ্গলে আগুন নেভাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতার নাম কল্পনা মাহাত (৬৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাল জঙ্গলের আগুন ক্রমশ তাঁর বাড়ির দিকে এগিয়ে আসতে দেখে তিনি আগুন নেভানোর চেষ্টা করেন।

সেই সময়ই আগুনের গ্রাসে পড়ে গুরুতরভাবে দগ্ধ হন তিনি। পরে তাঁর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পরিবারের অভিযোগ, জঙ্গলে আগুন লাগার খবর আগে থেকেই বনদপ্তরকে জানানো হয়েছিল। যদি সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হত, তবে এই মর্মান্তিক মৃত্যু এড়ানো যেত বলে তাঁদের দাবি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − seven =