নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুবরাজপুর :: বৃহস্পতিবার ৫,মার্চ :: বীরভূমের দুবরাজপুরে নেমে এলো গভীর শোক। বেঙ্গালুরুতে কর্মরত দুবরাজপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের এক যুবকের আকস্মিক মৃত্যুর খবর আসায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম গৌরসুন্দর হাজরা, বয়স ৩৮ বছর।
তিনি দুবরাজপুরের বাসিন্দা শ্যামল হাজরার পুত্র। বুধবার মৃতদেহ আনতে মৃতের বাবা সহ তিনজন ব্যাঙ্গালোরের উদ্দেশে রওনা দিয়েছেন। মৃতের বাবা শ্যামল হাজরা জানান, আমার ছেলে গৌরসুন্দর দীর্ঘ দিন ধরে বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থায় সিকিউরিটি গার্ডের কাজ করত।
আজ সকালে তাঁর সহকর্মীরা তাঁকে ডিউটিতে যাওয়ার জন্য ডাকতে গেলে দেখেন সে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর দুবরাজপুরে পৌঁছানো মাত্রই শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে, প্রাক্তন বিধায়ক নরেশ চন্দ্র বাউরি সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংবাদ মাধ্যমকে পৌর প্রধান পীযূষ পান্ডে জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে ইতোমধ্যেই মৃতদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো জানান, ”ছেলেটি সুস্থ ছিল। রাতে ঘুমানোর পর সকালে কেন আর উঠল না, তা রহস্যজনক। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি পরিষ্কার হবে।”
মৃত যুবকের পরিবারকে সহায়তার জন্য এবং মরদেহ বাড়িতে ফিরিয়ে আনার জন্য এলাকার কয়েকজনকে বেঙ্গালুরুতে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে আগামীকালের মধ্যে মরদেহ দুবরাজপুরে নিয়ে আসা সম্ভব হবে।

