উন্নয়ন নাকি প্রচার— রাজনীতির ময়দানে কোনটি বেশি ওজনদার? এই চিরন্তন দ্বন্দ্বে ফের উত্তপ্ত হয়ে উঠল বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জামালপুর।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালপুর :: বৃহস্পতিবার ৫,মার্চ :: জামালপুর ব্লকের জারোগ্রাম অঞ্চলের তিলকুর ও নারানপুর সংসদে পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের একটি সরকারি পানীয় জল প্রকল্পের সাইনবোর্ডের ওপর বিজেপির প্রচারমূলক পোস্টার লাগানোকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সরকারি সম্পত্তির ওপর রাজনৈতিক প্রচারের এই ‘অনুপ্রবেশ’ ভালো চোখে দেখছেন না সাধারণ মানুষ। একটি সরকারি পানীয় জল প্রকল্পের সাইনবোর্ড, যা মূলত সাধারণ মানুষের পরিষেবার তথ্য দেওয়ার জন্য নির্দিষ্ট, সেখানেই দেখা গেল গেরুয়া শিবিরের পোস্টার।

পোস্টারে লেখা রয়েছে সেই বহুচর্চিত স্লোগান— “পালটানো দরকার, চাই বিজেপি সরকার।” উল্লেখ্য, বাংলায় ভোটপ্রচারের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকে নিঃসৃত এই স্লোগানটি রাজ্য রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কিন্তু সরকারি প্রকল্পের বিজ্ঞাপনের ওপর এমন দলীয় প্রচারের ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই ঘটনায় সরব হয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান। তিনি কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন।

তিনি বলেন বিজেপি দলটার এমন দেউলিয়া অবস্থা কোথায় রাজনৈতিক পোস্টার মারতে হয় সেটাও জানেনা। অবশ্য জামালপুরে বিজেপির সংগঠনের যা অবস্থা তাতে করে এইভাবে না হলে তারা কোনো ভাবেই প্রচারের আলোয় আসতে পারছে না।

কিন্তু এইভাবে জামালপুরে বিজেপি কিছুই করতে পারবে না। প্রচারের এই কৌশলকে ভালো চোখে নিচ্ছেন না সাধারণ গ্রামবাসী। অনেকের মতেই, সরকারি সম্পত্তি কোনো নির্দিষ্ট দলের নয়, বরং সাধারণ মানুষের অধিকারের জায়গা।

উন্নয়নের কাজকে দলীয় প্রচার দিয়ে ঢেকে দেওয়ার এই সংস্কৃতি সুস্থ গণতন্ত্রের লক্ষ্মণ নয় বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 12 =