নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ৫,মার্চ :: এই মুহুর্তে দিল্লিতে বসেই আচমকা পদত্যাগ করলেন এই রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস । নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তামিলনাড়ুর রাজ্যপাল তথা প্রাক্তন সিবিআই ও আইবির প্রাক্তন কর্তা আর এন রবি ।
২০২২ সালে ১৭ নভেম্বরে বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সি ভি আনন্দ বোস। কার্যকালের ৩ বছর কাটতেই তিনি হঠাৎ ইস্তফা দিলেন। কিছুদিন ধরে সি ভি আনন্দ বোস অসুস্থ ছিলেন বলে শোনা যাচ্ছিল। রাজভবনের বাইরে তাঁর সক্রিয়তাও অনেকদিন সেভাবে দেখা যাচ্ছিল না।
এরপরই হঠাৎ করে তাঁর পদত্যাগের খবর আসে। মেয়াদ ফুরোনোর আগে অতীতে পশ্চিমবঙ্গের কোনো রাজ্যপাল পদত্যাগ করেননি। বিধানসভা ভোটের আগে রাজ্যপাল বদলকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ষড়যন্ত্র বলে মনে করছে তৃণমূল কংগ্রেস ।
তৃণমূলের অন্দরের ব্যাখ্যা সি ভি আনন্দ বোসকে পদত্যাগ করিয়ে আরও কট্টর আরএসএস অনুগামী কাউকে রাজভবনে দায়িত্ব দিয়ে পাঠানো হতে পারে। ঠিক যখন রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হতে চলেছে তখনই এই পদত্যাগকে সাদা চোখে দেখতে চাইছে না তৃনমূল কংগ্রেস ।
সিপিএমের তরফে সুজন চক্রবর্তীও বলেন , পদত্যাগ করেছেন না করানো হয়েছে, সেটা আগে দেখতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্তারিত মন্তব্য করতে চাননি। তিনি শুধু জানিয়েছেন, জেনে বলবেন।

