নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাসনাবাদ :: শুক্রবার ৬,মার্চ :: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর ২৪ পরগনার হাসনাবাদে তৃণমূল কংগ্রেসের শক্তি আরও বৃদ্ধি পেল। কংগ্রেস ও আইএসএফ ছেড়ে প্রায় ৫০ জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
এদিন বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের মাখালগাছা এলাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে ওই কর্মীরা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানান মাখালগাছা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কনভেনার মুকুল মন্ডল।
নতুন যোগদানকারী কর্মীদের দাবি, এতদিন যে দলগুলিতে ছিলেন সেখানে সংগঠনের কাজে সেভাবে সুযোগ পাচ্ছিলেন না। অন্যদিকে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে অনুপ্রাণিত হয়েই তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তৃণমূল নেতৃত্বের মতে, এই যোগদানের ফলে এলাকায় সংগঠন আরও শক্তিশালী হবে এবং আগামী দিনে দলের কাজ আরও বিস্তৃত হবে। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের যোগদান স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

