নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ৬,মার্চ :: ছাত্রভোট, ক্যাম্পাসের অব্যবস্থা এবং আর্থিক অনিয়মের অভিযোগকে সামনে রেখে বর্ধমান বিশ্ববিদ্যালয় অভিযান কর্মসূচি ঘিরে উত্তেজনা রনক্ষেত্রর ছড়াল শহর বর্ধমানে।
এসএফআইয়ের ডাকে আয়োজিত এই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংগঠনের কর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
জানা গিয়েছে, এসএফআইয়ের পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে এই অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে না।
পাশাপাশি ক্যাম্পাসের পরিচ্ছন্নতা, ফাঁকা পড়ে থাকা সিট এবং আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন সংগঠনের নেতাকর্মীরা।
এই সমস্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জবাবদিহি দাবি করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয় বলে জানানো হয়েছে। শুক্রবার শহর বর্ধমানের কার্জন গেট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পৌঁছাতেই উত্তেজনা তৈরি হয়।
এসএফআইয়ের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের মূল গেট বন্ধ করে দেওয়া হয় এবং তাদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে এসএফআই কর্মীদের বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বিশ্ববিদ্যালয় চত্বর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।
এসএফআইয়ের মহিলা কর্মীদের অভিযোগ, ধস্তাধস্তির সময় পুলিশের সঙ্গে টানাহেঁচড়ায় তাঁদের জামা ছিঁড়ে যায়। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সভা শুরু হওয়ার আগেই তাদের মাইক খুলে নিয়ে যায় পুলিশ।
যদিও এই অভিযোগ নিয়ে পুলিশের পক্ষ থেকে শুক্রবার দুপুর পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি।

