সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: শুক্রবার ৬,মার্চ :: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা এলাকায় বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ শুক্রবার পুলিশের বাধার মুখে পড়ে।
এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা এবং পরবর্তীতে রাস্তা অবরোধের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিন বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর গ্রাম পঞ্চায়েতের নড়িদানা এলাকায় বিজেপির কর্মী-সমর্থকরা বাইক মিছিল নিয়ে পরিবর্তন সংকল্প যাত্রা শুরু করতে জড়ো হন।
দলীয় পতাকা ও ব্যানার হাতে নিয়ে বহু কর্মী-সমর্থক ওই কর্মসূচিতে অংশ নেন। তবে মিছিল শুরু হওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছে যায় বারুইপুর থানার পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই মিছিলের জন্য প্রশাসনের কাছে পূর্ব অনুমতি নেওয়া হয়নি। সেই কারণেই মিছিল এগোতে দেওয়া যাবেনা। পুলিশের এই সিদ্ধান্তের পরই বিজেপি নেতৃত্বের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা শুরু হয়।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক কর্মসূচি করার অধিকার তাদের রয়েছে। ইচ্ছাকৃতভাবেই তাদের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা।
অন্যদিকে পুলিশের বক্তব্য, আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অনুমতি ছাড়া কোনও বড় মিছিল বা বাইক র্যালি বের করার অনুমতি দেওয়া যায়না। তাই নিয়ম মেনেই মিছিল আটকে দেওয়া হয়েছে।
পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে প্রতিবাদে বিজেপি কর্মী-সমর্থকরা বারুইপুর-চম্পাহাটি রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাস্তার উপর বসে স্লোগান দিতে থাকেন তারা। এর জেরে কিছু সময়ের জন্য ওই গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজেপি নেতৃত্বের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা চলে। শেষমেশ সমঝোতার ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে মিছিলটিকে সীমিত পরিসরে চম্পাহাটি পর্যন্ত এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এরপর বিজেপি কর্মী-সমর্থকরা অবরোধ তুলে নেন এবং মিছিল পুনরায় শুরু হয়।

