নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ৬,মার্চ :: পিসি মিত্তাল বাস টার্মিনাস এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সমেত এক যুবককে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম তাপস রায়। তিনি সালুগাড়া ডিমদিমা বস্তির বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পাওয়ার পর অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ। সেই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাপস রায়কে আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।
এরপরই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতকে এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

