নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গলসি :: শনিবার ৭,মার্চ :: পূর্ব বর্ধমানের, গলসি এলাকায় দামোদর বাঁধের উপর নির্মিত নতুন পাকা রাস্তা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ভারী বালিভর্তি ট্রাক চলাচলের অভিযোগে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা। তাঁদের পাশে দাঁড়ান এলাকার পুরুষেরাও।
এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবির পর অবশেষে শিল্যা থেকে গোহগ্রাম পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ দামোদর বাঁধের উপর পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে।
জানা গিয়েছে, এই রাস্তা নির্মাণের উদ্যোগ নেন গলসির বিধায়ক নেপাল ঘোরুই। রাস্তা তৈরি হওয়ায় এলাকার আট-দশটি গ্রামের মানুষ স্বস্তি প্রকাশ করেছিলেন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে বলেও আশা করেছিলেন।
তবে সেই স্বস্তির মাঝেই দেখা দিয়েছে নতুন আশঙ্কা। স্থানীয়দের অভিযোগ, দশ টন ধারণক্ষমতার ওই রাস্তা দিয়ে নিয়মিত বালিভর্তি ভারী ট্রাক চলাচল করছে। এর ফলে অল্প সময়ের মধ্যেই রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন তারা।
কয়েকদিন আগেও গ্রামবাসীদের একাংশ রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে বালিবোঝাই গাড়ি চলাচল বন্ধের দাবি তোলেন। কিন্তু তাতেও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে অভিযোগ। সেই দাবিতেই লাঠি হাতে রাস্তায় নেমে প্রতিবাদ জানান স্থানীয় মহিলাদের একাংশ।
তাঁদের দাবি, এই রাস্তা দিয়ে বহু পড়ুয়া পাশের গ্রামে স্কুলে যাতায়াত করে। ভারী বালিভর্তি গাড়ির চলাচলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

