রথযাত্রা নয় বিসর্জন যাত্রা – মথুরাপুরে বিজেপিকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মথুরাপুর :: সোমবার ৯,মার্চ :: বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতেই ক্রমশ তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক ময়দান।

এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্যজুড়ে যখন বিতর্ক তুঙ্গে, সেই সময় রবিবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের গোপীনাথপুরে বিশাল জনসভা থেকে বিজেপি ও কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ।

সভামঞ্চ থেকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা-কে। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, বিধানসভা ভোট শিয়রে দাঁড়িয়ে। অথচ এখনও এসআইআর প্রক্রিয়ায় ৬০ লক্ষেরও বেশি মানুষের নাম বিবেচনাধীন রয়েছে।

এই পরিস্থিতিতে তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, বাংলার মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে বিজেপি নিজেদের রাজনৈতিক কবর নিজেরাই খুঁড়ে ফেলছে।

তাঁর কথায়, “বিজেপি এসআইআর করতে এসে নিজেদেরই এসআইআর করে ফেলেছে।” আন্তর্জাতিক নারী দিবসের দিন অনুষ্ঠিত এই সভা থেকেই নারী শক্তির প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশে অভিষেক বলেন, নারী শক্তি যদি সঙ্গে থাকে তবে কোনও শক্তিই বাংলাকে হারাতে পারবে না।

তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে যে উন্নয়নমূলক কাজ করেছেন, তার সিকিভাগ কাজও বিজেপির তথাকথিত ডাবল ইঞ্জিন সরকার করতে পারেনি। অমিত শাহকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনি হলফ করে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন তার একচতুর্থাংশও কি আপনারা করতে পেরেছেন?”

মথুরাপুরের জনসভা থেকে বিজেপির রথযাত্রাকেও তীব্র কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, বিজেপির রথযাত্রা এখন বিসর্জন যাত্রায় পরিণত হয়েছে। সেই যাত্রায় মানুষের উপস্থিতি নেই বললেই চলে।

তিনি বলেন, “রথযাত্রায় চারটে লোক ছাড়া হাত নাড়ার লোকও নেই।” তাঁর দাবি, দক্ষিণ ২৪ পরগনায় বিজেপির পতাকা ধরার মতো লোক খুঁজে পাওয়াই কঠিন হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − one =