নির্বাচন কমিশনকে কালো পতাকা দেখালে ‘নির্বাসন’—মমতাকে নাম না করে কটাক্ষ দিলীপ ঘোষের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: মঙ্গলবার ১০,মার্চ :: নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করলেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।

নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন কমিশনকে কালো পতাকা দেখানো, রাষ্ট্রপতিকে বয়কট করা বা সুপ্রিম কোর্টের রায় না মানা—এই ধরনের কাজ দেশে চলতে পারে না।

এমনটা করলে দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের মতো “নির্বাসনে যেতে হবে” বলেও কটাক্ষ করেন তিনি।

পূর্ব বর্ধমানের মন্তেশ্বর হয়ে বিজেপির পরিবর্তন যাত্রার রথ পৌঁছায় মেমারি বিধানসভায়। মেমারি শহরের বামুনপাড়া মোড়ে আয়োজিত রিসেপশন সভা থেকে রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন দিলীপ ঘোষ।

ধর্ণা প্রসঙ্গেও কটাক্ষ করে তিনি বলেন, প্রতিবাদ জানাতে হলে সঠিক জায়গায় জানানো উচিত।তিনি দাবি করেন, রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের হাওয়া বইছে এবং আগামী দিনে বাংলাতেও বিজেপি সরকার গঠিত হবে।

কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নের ধারার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাতেও উন্নয়ন, শিল্প ও কর্মসংস্থানের লক্ষ্যে পরিবর্তন প্রয়োজন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ আরও বলেন, “অনেক নেতার অহংকার ছিল, কিন্তু সময়ের সঙ্গে তারা রাজনীতি থেকে হারিয়ে গিয়েছেন। বাংলাতেও সেই দিন আসবে”। পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতেও শোনা যায় তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =