হিংস্র পশুর আক্রমণে শিশুর মৃত্যু নদিয়ার কৃষ্ণগঞ্জে ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণগঞ্জ :: বুধবার ১১,মার্চ :: হিংস্র পশুর আক্রমণে ৭ বছরের এক শিশুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার শোনঘাটা দাসপাড়া এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় জুড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে রমজান মাস চলায় পরিবারের সদস্যরা রোজা পালন করছিলেন। সেই সময় তারা স্থানীয় মসজিদে গেলে বাড়িতে একাই ছিল ওই শিশুটি। বাড়ির আশপাশে খেলতে খেলতে সে পাশের মাঠ সংলগ্ন জঙ্গলের দিকে চলে যায় বলে জানা গেছে।

কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির পাশের একটি বাগানের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। স্থানীয়দের প্রাথমিক অনুমান, কোনো হিংস্র কুকুর বা শিয়ালের আক্রমণে গুরুতর আহত হয়েছিল শিশুটি।

তড়িঘড়ি তাকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর পুলিশ মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর শিশুটিকে যখন উদ্ধার করা হয় তখন তার আশেপাশে বেশ কয়েকটি কুকুর ঘোরাফেরা করছিল। তা থেকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কুকুর দলের মধ্যে কোন পাগল কুকুর হয়তো এমন কাণ্ড ঘটিয়েছে। ঘটনার পর শিশু মৃত্যুর তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + sixteen =