নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি :: বৃহস্পতিবার ১২,মার্চ :: বীরভূম জেলায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। নলহাটির রুদ্রনগর গ্রামে একাধিক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বিশেষ করে বিজেপির এক বুথ সভাপতির নাম তালিকা থেকে মুছে যাওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।
জানা গিয়েছে, নলহাটির রুদ্রনগর গ্রামের বিজেপি বুথ সভাপতি উৎপল রাজবংশীর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। শুধু তিনি নন, তাঁর পরিবারের সদস্যদের নামও তালিকা থেকে মুছে গিয়েছে বলে অভিযোগ।
পাশাপাশি ওই বুথ এলাকার অন্তত ৩০ জন ভোটারের নাম তালিকা থেকে ডিলিট হয়ে গিয়েছে বলে জানা গেছে। এছাড়াও আরও প্রায় ৩৯ জন ভোটারের নাম ‘বিচারাধীন’ তালিকায় ঝুলে রয়েছে বলে দাবি স্থানীয়দের।
এলাকাবাসীর অভিযোগ, বহু বছর ধরে ভোট দিয়ে আসা বৈধ নাগরিকদের নাম হঠাৎ করেই ভোটার তালিকা থেকে বাদ পড়ায় তারা চরম সমস্যার মুখে পড়েছেন। ইতিমধ্যেই অনেকেই নিজেদের নাম পুনরায় তালিকাভুক্ত করার দাবিতে প্রশাসনের বিভিন্ন দফতরে ঘুরছেন এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিচ্ছেন।
এই বাদ পড়া তালিকায় রয়েছেন ভারতীয় নৌবাহিনীর জওয়ান অর্জুন ভূঁইমালি এবং রেলের পেনশনার আরতি রাজবংশীর মতো ব্যক্তিরাও। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে তারা নিয়মিত ভোট দিয়ে আসছেন, তবুও হঠাৎ করে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় তারা হতবাক।

