ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যাকে সামনে রেখে এসএফআইয়ের এসডিও অফিস অভিযান,

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১৩,মার্চ :: সরকারি বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নতি, নির্ধারিত বৈধ ফি স্ট্রাকচার চালু এবং অতিরিক্ত ফি আদায় বন্ধের দাবিতে বৃহস্পতিবার শিলিগুড়িতে এসডিও অফিস অভিযানে নামে স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া দার্জিলিং জেলা কমিটি।

ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যাকে সামনে রেখে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন বিক্ষোভকারীরা দাবি জানান, চা বাগান এলাকার ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সরকারি স্কলারশিপ ও স্টাইপেন্ড চালু করতে হবে।পাশাপাশি তাদের শিক্ষার স্বার্থে একটি বিশেষ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করার দাবিও জানানো হয়। এছাড়াও ছাত্রছাত্রীদের গণপরিবহনে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়ার দাবি তোলেন সংগঠনের সদস্যরা।

তাদের অভিযোগ, বর্তমানে যাতায়াত খরচ বেড়ে যাওয়ায় বহু ছাত্রছাত্রী নিয়মিতভাবে বিদ্যালয়ে যেতে সমস্যার মুখে পড়ছে।

এসডিও অফিসে গেলে বিক্ষোভকারীরা পুলিশের বাধার মুখে পড়েন। অভিযোগ, অফিসে প্রবেশের সময় পুলিশ প্রথমে গেট বন্ধ করে দেয় এবং ভিতরে ঢুকতে বাধা দেয়। এরপর এসএফআই কর্মীরা এসডিও অফিসের মূল ফটকের সামনে বসে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন।

কিছুক্ষণ ধরে সেখানেই অবস্থান বিক্ষোভ চলতে থাকে এবং পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশের সঙ্গে কথা বলেন সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 3 =