রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ ঘোষণার ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ১৫,মার্চ :: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) ঘোষণার সিদ্ধান্ত জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।

নবান্নে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, রাজ্য সরকার ধাপে ধাপে কর্মচারীদের বকেয়া ডিএ পরিশোধ করবে।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের আর্থিক পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, সরকারি কর্মচারীদের স্বার্থ রক্ষায় রাজ্য সরকার সবসময়ই ইতিবাচক ভূমিকা নিয়েছে। সেই কারণেই দীর্ঘ আলোচনার পর বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে সরকার সম্মত হয়েছে।

নবান্ন সূত্রে জানা গেছে, বকেয়া ডিএ একাধিক কিস্তিতে কর্মচারীদের অ্যাকাউন্টে দেওয়া হবে। অর্থ দফতর ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে এবং খুব শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করা হবে।এই ঘোষণার পর রাজ্যের বিভিন্ন কর্মচারী সংগঠনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ কেউ দাবি করেছেন যে কেন্দ্রীয় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত ডিএ প্রদান করতে হবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান হারে ডিএ পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে আন্দোলন ও আইনি লড়াইও হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা রাজ্যের কর্মচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 16 =