নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ১৬,মার্চ :: আসানসোলের এলআইসি মোড় সংলগ্ন পুরুলিয়া ও ঝাড়খণ্ডগামী প্রধান সড়কে সোমবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়, যখন স্থানীয় বাসিন্দারা রান্নার গ্যাস সিলিন্ডার রাস্তার উপর রেখে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন।
গ্যাসের তীব্র সঙ্কটে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী রাস্তা অবরোধ করে গ্যাস এজেন্সির বিরুদ্ধে জোরদার স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের অভিযোগ, গত ১৫ থেকে ২০ দিন ধরে গ্যাস এজেন্সি তাঁদের বারবার ঘোরাচ্ছে।
এজেন্সির পক্ষ থেকে প্রতিবারই বলা হচ্ছে “দু’দিনের মধ্যে গ্যাস পাওয়া যাবে”, কিন্তু গ্রাহকেরা যখন গ্যাস নিতে এজেন্সিতে যাচ্ছেন, তখন সেখানে কোনও কর্মচারীকে পাওয়া যাচ্ছে না। এমনকি এজেন্সির ফোনও কেউ ধরছে না বলে অভিযোগ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েক দিন ধরে একটি গ্যাস সিলিন্ডারের জন্য তাঁদের বারবার এজেন্সির চক্রে ঘুরতে হচ্ছে, তবুও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই তাঁরা রাস্তা অবরোধ করে প্রতিবাদে নামেন।
এদিকে ঘটনার খবর পেয়ে আসানসোল সাউথ পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিক্ষোভকারীদের বোঝানোর পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

