নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১৭,মার্চ :: মালদা জেলায় আলুর বাম্পার ফলন হলেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় চরম সমস্যায় পড়েছেন চাষিরা। উৎপাদন খরচ বাড়লেও পাইকারি বাজারে আলুর দাম অত্যন্ত কম থাকায় অধিকাংশ কৃষকই এখন লোকসানের মুখে পড়েছেন।
চাষিদের অভিযোগ, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি—সব মিলিয়ে আলু চাষে বিপুল খরচ হয়েছে। কিন্তু বাজারে যে দাম মিলছে, তাতে সেই খরচের অর্ধেকও উঠছে না। ফলে চাষিদের ঘর সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে।
একজন চাষি জানান,“ধার-দেনা করে আমরা আলু চাষ করেছি। ভেবেছিলাম ভালো দাম পাবো। কিন্তু এখন বাজারে যে দাম চলছে, তাতে বড় ক্ষতির মুখে পড়েছি। এইভাবে চলতে থাকলে চাষ করা সম্ভব হবে না।”
চাষিদের আরও অভিযোগ, হিমঘরে আলু সংরক্ষণ করতেও অতিরিক্ত খরচ পড়ছে। অনেকেই বাধ্য হয়ে কম দামে আলু বিক্রি করে দিচ্ছেন, কারণ সংরক্ষণের খরচ বহন করাও কঠিন হয়ে পড়ছে।
এই পরিস্থিতিতে মালদা জেলার বিভিন্ন এলাকায় কৃষকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। চাষিরা জানিয়েছেন, দ্রুত আলুর ন্যায্য দাম নিশ্চিত না হলে তারা বিক্ষোভে নামবেন। প্রয়োজনে রাস্তা অবরোধ করে আন্দোলনের পথেও হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
চাষিদের দাবি, সরকার দ্রুত হস্তক্ষেপ করে আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করুক, যাতে তারা লোকসানের হাত থেকে রক্ষা পান এবং কৃষিকাজ চালিয়ে যেতে পারেন।

