সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বুধবার ১৮,মার্চ :: -২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রাজ্যের প্রার্থী তালিকা ঘোষণা করতেই দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় শুরু হয়ে যায় উৎসবের আবহ।
ক্যানিং পশ্চিম এবং বারুইপুর পূর্ব—এই দুই বিধানসভা কেন্দ্রেও প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গেই তৃণমূল কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে আবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে পরেশ রাম দাসের নাম।

তৃনমূল বিধায়ক বিভাস সরদার
প্রার্থী তালিকা প্রকাশের আগেই এদিন ক্যানিং তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ভিড় জমাতে শুরু করেন দলীয় কর্মী-সমর্থকরা। সকলের নজর ছিল প্রার্থী ঘোষণার দিকে। অবশেষে তাঁর নাম ঘোষিত হতেই আনন্দে ফেটে পড়েন কর্মী-সমর্থকেরা।
সবুজ আবির উড়িয়ে, একে অপরকে রঙ মেখে উৎসবে মেতে ওঠেন তারা। কার্যত উৎসবের চেহারা নেয় গোটা তৃণমূল কার্যালয় চত্বর।
প্রার্থী হিসেবে আবারও সুযোগ পাওয়ায় পরেশ রাম দাসকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে দেখা যায় প্রবল উচ্ছ্বাস। অনেকেই তাঁকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান এবং আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়ী করার আশ্বাস দেন। একই সঙ্গে দলীয় কর্মীরা ইতিমধ্যেই নির্বাচনী প্রচারের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন।
অন্যদিকে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রেও প্রার্থী ঘোষণার পরপরই সক্রিয় হয়ে উঠতে দেখা যায় বর্তমান বিধায়ক বিভাস সরদারকে।
তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হতেই তিনি নিজে হাতে দেওয়াল লিখে নির্বাচনী প্রচারের সূচনা করেন। পাশাপাশি এলাকায় জনসংযোগ শুরু করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।

