নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বহরমপুর :: বুধবার ১৮,মার্চ :: বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। বহরমপুর আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি।
আর নাম ঘোষণা হতে না হতেই আর সময় নষ্ট করতে নারাজ গেরুয়া শিবিরের প্রার্থী সুব্রত মৈত্র। মঙ্গলবার সাতসকালেই কোমর বেঁধে নির্বাচনী প্রচারে নেমে পড়লেন তিনি।
বহরমপুরের মোহন সিনেমার মোড়ে হনুমান মন্দিরে পুজো দেন সুব্রতবাবু। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নিয়ম মেনে আরতি ও প্রার্থনা সারেন তিনি। জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী দেখাল তাঁকে।
মন্দিরে পুজো দেওয়ার পরেই সোজা চলে যান গোরাবাজার এলাকায়। সেখানে রীতিমতো পাড়ায় পাড়ায় ঘুরে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ শুরু করেন তিনি।
সাধারণ মানুষের সঙ্গে হাত মেলানো, বয়জ্যেষ্ঠদের আশীর্বাদ নেওয়া আর ছোটদের সঙ্গে সৌজন্য বিনিময়ের মধ্য দিয়ে জনসংযোগের কাজ সারেন এই বিজেপি প্রার্থী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বহরমপুরে লড়াই এবার ত্রিমুখী। তবে সুব্রতবাবুর দাবি, সাধারণ মানুষ মোদীজির উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে মুখিয়ে আছেন। প্রচারে বেরিয়ে তিনি বলেন, “মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। বহরমপুরের বঞ্চনার ইতিহাস এবার শেষ হবে।”
উল্লেখ্য, প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বিজেপির অন্দরে তৎপরতা তুঙ্গে। এদিন সুব্রত মৈত্রের সঙ্গে মিছিলে পা মেলাতে দেখা যায় বহু উৎসাহী কর্মী-সমর্থককে। এখন দেখার, এই প্রচারের উত্তাপ শেষ পর্যন্ত ব্যালট বক্সে কতটা প্রতিফলন ঘটায়।

