নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আউশগ্রাম :: বৃহস্পতিবার ১৯,মার্চ :: পূর্ব বর্ধমানের আউসগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রথম দিনের প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার। বুধবার তিনি পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামের রটন্তী কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচারের সূচনা করেন।
উল্লেখ্য, শ্যামাপ্রসন্ন লোহার বর্তমানে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি। এবারের বিধানসভা নির্বাচনে তাঁকেই আউসগ্রাম কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উন্নয়নমূলক কাজ থেকে আউসগ্রাম বঞ্চিত নয়।
তাঁর দাবি, বাম আমলে যে অভাব-অনটনের চিত্র ছিল, বর্তমানে তা অনেকটাই পরিবর্তিত হয়েছে। প্রচারের কৌশল প্রসঙ্গে শ্যামাপ্রসন্ন লোহার জানান, “২৪ ঘণ্টার মধ্যে চার-পাঁচ ঘণ্টা বিশ্রাম নিলেই হবে, বাকি সময় মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাব”। জনসমাগম দেখে তিনি আপ্লুত বলেও জানান।
এদিন রটন্তী কালীর কাছে প্রার্থনা করে তিনি বলেন, “আমাদের নেত্রী আবার যেন ২৫০-রও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসেন”। প্রচার শুরুর প্রথম দিনেই আউসগ্রামে তৃণমূলের শক্তি প্রদর্শন চোখে পড়ার মতো ছিল।

