আরামবাগ হাসপাতালে ডাক্তার স্বামীর সাথে দেখা করতে চেয়েচেয়ে ধরনায় স্ত্রী !!

August 5, 2026 By admin

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: আরামবাগ :: বুধবার ৫,আগস্ট :: একটি বারের জন্য দেখা করতে দিতে হবে। এই দাবি জানিয়ে আরামবাগ মেডিক্যাল কলেজ চত্বরে ধর্নায় বসলেন এক মহিলা। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তাঁকে দেখে রোগীর পরিজন, হাসপাতালের কর্মী এবং সাধারণ মানুষের ভিড় জমে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধর্নায় বসা ওই মহিলার নাম মামনি দে। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায়। তাঁর দাবি, ছ’মাস আগে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত চিকিৎসক পি সি টুডুর সঙ্গে আইনি প্রক্রিয়ার মাধ্যমে রেজিস্ট্রি করে বিয়ে হয় তাঁদের। তাঁদের একটি সন্তানও রয়েছে।

তা সত্ত্বেও স্বামী আর তাঁর সঙ্গে কোনও যোগাযোগ রাখছেন না। তাই তিনি স্বামীর কর্মস্থলে ছুটে এসেছেন। তিনি জানিয়েছেন, তাঁর স্বামীর আগে আর একটি বিয়ে হয়েছিল। যদিও পরে তাঁর সঙ্গে বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়।

কিন্তু গত এক মাস ধরে ওই চিকিৎসক পুনরায় প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দ্বিতীয় পক্ষের স্ত্রী হিসেবে তাঁর সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। তিনি স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও, দীর্ঘদিন ধরেই তাঁর কাছ থেকে কোনও সাড়া পাচ্ছেন না।

এই পরিস্থিতিতে বাধ্য হয়েই তিনি আরামবাগ মেডিক্যাল কলেজে হাজির হয়েছেন এবং স্বামীর সঙ্গে একবার দেখা করার জন্যই তিনি এ দিন ধর্নায় বসেন। হাসপাতাল চত্বরে পোস্টার টাঙিয়ে তিনি নিজের দাবি তুলে ধরেন।