অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার অভিযোগ, প্রধানকে ঘিরে ডিম বৃষ্টি ও তুমুল বিক্ষোভ গোগলা গ্রাম পঞ্চায়েতে!

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ৯,জুলাই :: সরকারি প্রকল্পের টাকা না মেলায় এবার সরাসরি পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে ডিম বৃষ্টি। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতে।

অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে আজ পঞ্চায়েত প্রধানকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান এলাকার সাধারণ বাসিন্দারা।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রধানকে উদ্দেশ্য করে ডিম ছুঁড়তে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে লাউডোহা থানার পুলিশ।

দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েত চত্বর আজ রণক্ষেত্রের চেহারা নেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনেকদিন আগে ফর্ম ফিলাপ করা সত্ত্বেও গরিব পরিবারের মা-বোনেরা অন্নপূর্ণা ভান্ডারের কোনো টাকা পাচ্ছেন না।

বিক্ষোভকারীদের মূল দাবি, পঞ্চায়েত প্রধান আসল আবেদনকারীদের ফর্ম জমা না দিয়ে পঞ্চায়েতেই আটকে রেখে দিয়েছেন। শুধু তাই নয়, তাদের আরও অভিযোগ—এখানে দল দেখে, মুখ চিনে কাজ করা হচ্ছে।

এলাকার বিত্তবান বা দোতলা বাড়ির মালিকরা টাকা পেলেও, প্রকৃত যারা পাওয়ার যোগ্য, সেই গরিব মানুষরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

বিক্ষোভকারী এক বাসিন্দা জানান “আমরা এখানে বিক্ষোভ করছি কারণ আমাদের সাধারণ গরিব ঘরের মা-বোনেরা যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিলাপ করেছিল, আমাদের প্রধান সাহেব সেই ফর্মগুলো জমা না দিয়ে পঞ্চায়েতেই রেখে দিয়েছেন।

এখানে মুখ চিনে চিনে কাজ করা হচ্ছে। যারা ধনী, যাদের দোতলা বাড়ি আছে তারা টাকা পেয়ে যাচ্ছে, আর আসল প্রাপকরা একটা পয়সাও পায়নি। এই ৩০০০ টাকা সরকার দিচ্ছে, প্রধান নিজের পকেট থেকে দিচ্ছেন না। যদি আগামী দিনে টাকা না পাওয়া যায়, তবে এর থেকেও বৃহত্তর আন্দোলন হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 14 =